বুকে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন, তিনি চাইলে বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, দিনদিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চাইলে তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আর দুই একদিন হাসপাতালে থাকার জন্য। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।
ডা. আতিকুর রহমান বলেন, আমরা মনে করি এ অবস্থায় ওনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য।
উল্লেখ্য, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। আরো রয়েছেন, প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।