Responsive Ad Slot

Latest

latest

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: রিজভী

মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চরম সংকটময় মুহূর্ত পার করছেন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে বুধবার (২২) থেকে সারাদেশের জেলা সদরে সমাবেশ কর্মসূচির কথা জানান। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বার বার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নিরব থাকছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া অতি জরুরি। যতই দিন যাচ্ছে তার শারীরিক অবস্থার ততই অবনতি হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনোভাবেই বিবেচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে ওঠেছে। তার চিকিৎসা নিয়ে সরকার নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ খালেদা জিয়ার মতো সংগ্রামী জীবন এখনো কেউ অতিক্রম করতে পারেনি। এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জ্বল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরি করেছিলেন তা আজও এদেশের মানুষকে আন্দোলিত করে। রিজভী বলেন, দেশের প্রচলিত আইনেই তার বিদেশে চিকিৎসা সম্ভব। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের দাবিকেও অগ্রাহ্য করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিঃশেষ করে দেওয়ার আয়োজনে ব্যস্ত সরকার। কিন্তু দীর্ঘ রাজনৈতি জীবনে জনগণের সর্বোচ্চ ভালোবাসা অর্জন করেছেন খালেদা জিয়া। জনগণের ভালোবাসার শক্তিকে গণবিরোধী ও অগণতান্ত্রিক দানবীয় শক্তি কখনই পরাজিত করতে পারবে না। 

Don't Miss
© all rights reserved
made with by templateszoo