Responsive Ad Slot

Latest

latest

রোনালদোকে দল থেকে বাদ দেওয়ার দাবি

রবিবার, ২ জানুয়ারি, ২০২২

/ by DNN24LIVE

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই ভবিষ্যদ্বাণী করেছেন এই মৌসুমে ইউনাইটেড লিগ শিরোপার দাবিদার। তাদের দাবি ইউনাইটেডের শিরোপা জয়ে বড় সমস্যা রোনালদো!

সম্প্রতি অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল আগবনলাহোর বলেছিলেন, ইউনাইটেড কোচ রালফ রাংনিকের যদি কলিজায় জোর থাকে, তাহলে উচিত পরের ম্যাচেই রোনালদোকে বাদ দেওয়া। 

একই সুরে কথা বলেছেন, সাবেক ইংলিশ ফরোয়ার্ড ও স্কাই স্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ পল মারসেন। তিনি বলেন, ইউনাইটেড যদি সেরা চারে থেকে মৌসুমটা শেষ করতে চায়, তাহলে উচিত রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়া!

পরিসংখ্যান অনুযায়ী- ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এ মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন রোনালদো। লিগে ১৫টি চ্যাম্পিয়নস লিগে ৫টি। লিগে করেছেন ৮ গোল, করিয়েছেন ৩টি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৬ গোল। তার মানে সব মিলিয়ে ২০ ম্যাচে ১৪ গোল।

রোনালদোকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। গত ২৭ ডিসেম্বর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটার পর গ্যাব্রিয়েল আগবনলাহোর বলেন, আমার মনে হয়েছে, রোনালদো শুধু নিজের গোল পাওয়া নিয়েই চিন্তিত। পুরো ম্যাচে রোনালদো মুখ কালো করে ঘুরে বেড়িয়েছে। সুযোগ পাচ্ছিল না বলে বারবার হতাশা প্রকাশ করছিল। ম্যাচের পরও মুখ গোমড়া করে মাঠ ছেড়েছে। আমার ধারণা, ড্রেসিংরুমে গিয়েও এমন ছিল সে।

তিনি যুক্তি দিয়ে বলেন, রোনালদো আসার পর থেকে রাশফোর্ড ও গ্রিনউডের ফর্ম পড়ে গেছে। ওরা নিজেদের প্রকাশ করতে পারছে না। মনে হচ্ছে, ওরা ভাবছে-রোনালদোকে পাশ দিতেই হবে, রোনালদোর জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

১৯৮৫ থেকে ১৯৯৭ পর্যন্ত আর্সেনালে খেলা সাবেক ইংলিশ ফরোয়ার্ড মারসনও মনে করেন, ইউনাইটেডের একাদশে রোনালদোকে জায়গা দিতে গিয়ে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে।

দ্য সানের সঙ্গে সাক্ষাৎকারে মারসন বলেছেন, ইউনাইটেড দলটার কথা যদি বলি, আমি মনে করি, রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত। আমি জানি, এটা ঘটবে না, কিন্তু তাঁর জায়গায় এদিনসন কাভানির খেলা উচিত, সঙ্গে জাডোন সাঞ্চো, মার্কাস রাশফোর্ড ও ম্যাসন গ্রিনউডের খেলা উচিত।

রোনালদো থাকায় দলের মধ্যে স্বাভাবিক পরিবেশটা নেই বলেও দাবি করেছেন মারসন, ‘কিছু একটা সমস্যা তো চলছেই। আমার মনে হয়, পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে, যা তাদের (ইউনাইটেডের) জন্য ভালো নয়।’

মারসন আরও বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে কী আশা করা যায়, সেটাই বোঝার কোনো উপায় নেই। আমি মনে করি না, ওরা সেরা চারে থেকে মৌসুম শেষ করতে পারবে। এ মুহূর্তে তাদের অনেক পেছনে দেখা যাচ্ছে। যদি কোনোভাবে ওরা সেরা চারে থাকতে পারে, তাহলে বলতে হবে- মৌসুমটা দুর্দান্ত কেটেছে ওদের।

Don't Miss
© all rights reserved
made with by templateszoo