Responsive Ad Slot

Latest

latest

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে যে প্রস্তাব দিল জাসদ

বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

/ by DNN24LIVE

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে চলমান সংলাপের দ্বিতীয় দিনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সঙ্গে আলোচনা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার পর শুরু হওয়া এ আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্ষমতাসীন ১৪ দলের শরিক এ দলটির সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, ইসি গঠন নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন বলে আমরা তাকে (রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) সাধুবাদ জানিয়েছি। এ পদ্ধতিটা নির্বাচন কমিশন গঠনের জন্য অংশগ্রহণমূলক হবে এবং এইটা গ্রহণযোগ্য দক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে সাহায্য হবে। আর দ্বিতীয় কথা, আমরা যেটি বলেছি যে সংবিধানের নির্দেশ অনুযায়ী একটি আইনি কাঠামো না থাকায় তুলনামূলকভাবে একটি অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগটা ভালো। 

জাসদের এ নেতা বলেন, তিন নম্বর কথা বলেছি, পাঁচ বছর পর পর এ নির্বাচন কমিশন গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়, তা থেকে স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রপতি যেন উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। তারপর আমরা বলেছি সার্চ কমিটি ও অনুসন্ধান কমিটি সাংবিধানিক সংস্থা থেকে হওয়ায় বাঞ্ছনীয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক, সেহেতু সংবিধানের নির্দেশনা বাস্তবায়নের জন্য উনি একটা ভূমিকা রাখতে পারেন। আইন সংসদই করবে, সরকারই করবে, কিন্তু ওনাকে ভূমিকা রাখতে বলেছি। সরকারকে পরামর্শ দিতে বলেছি, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ বাস্তবায়নে যেন সরকার উদ্যোগ নেয়। রাষ্ট্রপতি এই উদ্যোগ নেওয়ার এখতিয়ার রাখেন। আমরা মনে করি, সব মহলকে বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবিষ্যতের জন্য একটি আইনি কাঠামো তৈরি করে দেবেন।

ইসি গঠন নিয়ে চলমান সংলাপের দ্বিতীয় দিন বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সঙ্গে আলোচনায় বসতে হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।

Don't Miss
© all rights reserved
made with by templateszoo